রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইমাম-মুয়াজ্জিনদের কাছ থেকে টাকা নিয়ে ফেঁসে যাচ্ছেন বিএনপি নেতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর এলাকায় সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছেন বিএনপি নেতা সাইদুল ইসলাম রঞ্জু। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হারাগাছ পৌর বিএনপি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে তাকে এ নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক।

দলীয় নোটিশে বলা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানের কথা বলে রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিনের অভিযোগ, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে কথাবার্তার একপর্যায়ে ৩০ হাজার টাকা দিলে তালিকায় নাম দেওয়া হবে বলে জানান তিনি।

নুর আমিন জানান, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রথম দফায় ১৫ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা কয়েক দিন পর দেওয়ার কথা ছিল। পরে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে পরদিন রঞ্জু তাদের টাকা ফেরত দেন।

হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক বলেন, সরকারি ভাতার কথা বলে দলীয় পরিচয় ব্যবহার করে টাকা নেওয়া অপরাধ। সরকারি ভাতার কথা বলে টাকা নেওয়া এবং পরে তা ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, বিষয়টি দলের নজরে আসার পর তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম রঞ্জু। তিনি দাবি করেন, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ