নিজস্ব প্রতিবেদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল লোগো অনুমোদন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় পরামর্শ পরিষদের ১৫তম অধিবেশনে লোগোটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যেকোনো অফিসিয়াল প্রকাশনায় অনুমোদিত এ লোগো ব্যবহার করা যাবে।
লোগোটিতে জাতীয়তা, ইসলামী আদর্শ, যুবশক্তি, ঐক্য ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। এর বিভিন্ন উপাদানের মাধ্যমে সংগঠনের আদর্শ, পরিচয়, কর্মসূচি ও লক্ষ্য প্রকাশের চেষ্টা করা হয়েছে।
লোগোর প্রতীকী বিশ্লেষণ
লাল-সবুজ রং: লোগোতে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে লাল ও সবুজ রং ব্যবহার করা হয়েছে। সবুজ বাংলাদেশের জাতীয় পরিচয়ের পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও শান্তির প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। অন্যদিকে লাল রং শক্তি, সাহস, ত্যাগ ও পরিবর্তনের প্রত্যয়কে নির্দেশ করে। ফলে লাল-সবুজের সমন্বয়ে দেশপ্রেম ও আদর্শিক চেতনার সমন্বয় ফুটে উঠেছে।
মেহরাবের আকৃতি: লোগোর কেন্দ্রস্থলে থাকা সবুজ মেহরাব ইসলামী সমাজব্যবস্থা ও ইসলামী নেতৃত্বের প্রতীকী উপস্থাপন। প্রতীকের কেন্দ্রীয় অংশে মেহরাবের অবস্থান সংগঠনের আদর্শের কেন্দ্রবিন্দু হিসেবে ইসলামকে তুলে ধরে।
সাতটি সাদা রেখা: মেহরাবের ভেতরে থাকা সাতটি সাদা রেখাকে সংগঠনের সাত দফা কর্মসূচির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। সাদা রং পরিচ্ছন্নতা, শান্তি ও স্বচ্ছতার ভাব প্রকাশ করে।
মুষ্টিবদ্ধ হাত: লোগোর অন্যতম প্রধান প্রতীক মুষ্টিবদ্ধ হাত। এটি যুবশক্তি, ঐক্য, দৃঢ়তা, সংগ্রাম ও পরিবর্তনের প্রত্যয়কে নির্দেশ করে। সংগঠনের যুবকদের ঐক্যবদ্ধ শক্তি ও ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা এ প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
লাল ফিতা: লোগোর নিচের লাল অংশটি বিভিন্ন প্রতীকী উপাদানকে একত্র করেছে। এতে সংগঠনের নাম ইংরেজিতে লেখা হয়েছে। লাল রঙের ব্যবহারে শক্তি, ত্যাগ ও পরিবর্তনের চেতনা আরও স্পষ্ট হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, লোগোটির সামগ্রিক প্রতীকী ভাষায় ইসলামী আদর্শ, যুবশক্তি, ঐক্য ও কর্মসূচির মাধ্যমে দেশগঠন এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়েছে।
অর্থাৎ, নতুন এ লোগোকে শুধু একটি পরিচয়চিহ্ন হিসেবে নয়; বরং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ, সাংগঠনিক পরিচয়, কর্মসূচি ও লক্ষ্যকে প্রতীকের মাধ্যমে প্রকাশের একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আইও/