নিজস্ব প্রতিবেদক
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে এবং রাজনৈতিক ঐক্য বিনষ্টের চেষ্টা চললে তা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘কেন্দ্রীয় সম্মেলন-২০২৬’-এ বক্তারা এসব দাবি জানান। দুপুর ২টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ সম্মেলনে প্রায় ৯০০ থেকে এক হাজার নেতাকর্মী অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বিএনপি সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক ঐক্য নষ্ট করছে এবং শরিক দলগুলোর ওপর আক্রমণ করছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি ভুল পথে পরিচালিত হলে তা প্রতিহত করা হবে। প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা ও আওয়ামীপ্রীতির কারণে আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। সরকার পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং খুনিদের বিচার নিশ্চিত না হলে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না। অন্যথায় বর্তমান সরকারও নতুন ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজ বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপিসহ বিরোধী দলগুলোর অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হামলার শিকার হয়েছেন। অথচ বর্তমানে আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসএইচ/