নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণকে বিবেচনায় নিতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় মাদরাসা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার মজলিস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের দক্ষতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপথ নিয়ে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক বলেন, প্রত্যেকের ভেতরে সুপ্ত প্রতিভা রয়েছে। সবার আগে নিজের আগ্রহ, ঝোঁক ও যোগ্যতা খুঁজে বের করতে হবে। একসঙ্গে সবকিছু হওয়ার মোহ ত্যাগ করে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। কেউ লেখক, গবেষক, বক্তা কিংবা অন্য কোনো কর্মক্ষেত্রের জন্য বেশি উপযুক্ত কি না, তা চিহ্নিত করতে হবে। পরে উস্তাদ ও অভিজ্ঞ মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে নিজের প্রতিভা ও আগ্রহের বিষয়টি নিশ্চিত হতে হবে।
তিনি আরও বলেন, লক্ষ্য নির্ধারণের পর তা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেখানে যাওয়া প্রয়োজন, যে মাধ্যম অবলম্বন করা দরকার কিংবা যে ব্যক্তির সহযোগিতা নেওয়া প্রয়োজন, লক্ষ্য অর্জনের স্বার্থে সেসব উদ্যোগ নিতে হবে। তবে সবকিছুর আগে নিজেকে প্রশ্ন করতে হবে—আমি আসলে কী হতে চাই?
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দিন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ, বিশিষ্ট আলেম ও লেখক মুফতি সাঈদ আহমদ নদভী এবং জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব এহসান সাজিদ। এতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহসহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও যোগ্যতা অন্বেষণ, আগ্রহ অনুযায়ী কর্মক্ষেত্র নির্বাচন এবং ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
এসএইচ/