নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এবং ইসলামের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।
শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় আব্দুর রহমান লির সঙ্গে তিনি এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আব্দুর রহমান লি কোরিয়া মুসলিম ফেডারেশন ও সিউল সেন্ট্রাল মসজিদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান।
সাক্ষাৎকালে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দক্ষিণ কোরিয়ায় ইসলামের দাওয়াতের প্রসার, ইসলাম প্রচারে বাংলাদেশি ইমামদের অবদান এবং প্রবাসে ইসলামের খেদমতে ভবিষ্যৎ করণীয় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়ের একপর্যায়ে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ আব্দুর রহমান লিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে এবং আন্তর্জাতিক পরিসরে মুসলিমদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এসএইচ/