নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ অভিনন্দন জানান।
বিবৃতিতে হেফাজতের নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
তারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রপতি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।
হেফাজতের আমির ও মহাসচিব আরও বলেন, ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে। ধর্মীয় বিষয়ে আলেম-ওলামার মতামত ও পরামর্শও যথাযথ গুরুত্ব পাবে বলে তারা আশা করেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি আগ্রাসন মোকাবিলায় তিনি সাহসী ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করেছে হেফাজতে ইসলাম।
রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে রাষ্ট্রপতি উদ্যোগী হবেন এবং ‘আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির’ মোকাবিলায় অভিভাবক হিসেবে ভূমিকা রাখবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সবশেষে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তারা।
আইও/