শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং দেশের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, “জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।”

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছেন। দীর্ঘদিনের পথচলায় কেউ কেউ হতাশ হয়ে প্রশ্ন করেন, কেন এখনো সফলতা আসেনি। তাদের উদ্দেশে তিনি বলেন, “মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে।” মহান আল্লাহ মুমিনদের ভয় ও চিন্তা না করে বিজয়ের জন্য কাজ করে যেতে বলেছেন উল্লেখ করে তিনি ধৈর্যের সঙ্গে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

যুবনেতা হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত রাতে নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের একজন তরতাজা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, “আমরা এর নিন্দা জানাই। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে যেভাবে গুলি করে দেশের মেধাবীদের হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি এখনো মানুষের কানে ধ্বনিত হচ্ছে। ভবিষ্যতে যারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবে, তাদের পরিণতিও পতিত স্বৈরাচারের মতো হবে বলে মন্তব্য করেন তিনি।

‘প্রচলিত রাজনৈতিক নীতিতে দেশে শান্তি আসেনি’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ জীবন দিয়েছিল—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে, তাদের আমলে মানবাধিকার লঙ্ঘন, মায়ের সন্তানহারা কান্না, অর্থপাচার এবং বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে থাকার মতো ঘটনা বন্ধ হয়নি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল দেশ পরিচালনা করলেও তাদের নীতি ও আদর্শ দেশের মানুষকে কাঙ্ক্ষিত শান্তি দিতে পারেনি।

পীর সাহেব চরমোনাই বলেন, “একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।”

‘চব্বিশের অর্জন ফিকে মনে হচ্ছে’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিল, তা এখন অনেকটাই ফিকে মনে হচ্ছে।

তিনি সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ও মৌলিক চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন ঘটাতে হবে। জনগণের সহযোগিতা পেতে হলে তাদের অধিকার ও প্রত্যাশার প্রতি সরকারকে দায়িত্বশীল হতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। সঞ্চালনা করেন নগর উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, প্রফেসর ড. সরোয়ার হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও ড. ঈসা সাহেদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনের শেষ পর্যায়ে পীর সাহেব চরমোনাই প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ