নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি এ ঘটনাকে ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা’ আখ্যায়িত করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়, পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ অথবা সাউন্ড কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করে।
এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
তিনি ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইন্সের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইও/