নিজস্ব প্রতিবেদক
দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী বলেছেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী। তাই তাদের দায়িত্ব শুধু দীনি ইলম অর্জন ও চর্চার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সেই ইলমের আলোয় নিজেদের জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে হেদায়েতের দাওয়াত পৌঁছে দেওয়াও তাদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রতিকূলতা ও বাধা আসবে, তবু নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেমদের দায়িত্ব থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্নধারা হাউজিংয়ে অবস্থিত জামিয়াতুল আবরারে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল কাসেম নোমানী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলেমদের নবীদের উত্তরাধিকারী ঘোষণা করেছেন। নবীরা এমন সব পরিবেশে আগমন করেছিলেন, যেখানে গোমরাহি, পথভ্রষ্টতা ও অসদাচরণ ছড়িয়ে পড়েছিল। তাঁরা তাওহিদ ও হেদায়েতের আলো নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রতিটি নবীকেই নিজ নিজ কওমের পক্ষ থেকে বিরোধিতা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। এত বাধা সত্ত্বেও তাঁরা আল্লাহর অর্পিত দায়িত্ব পালনে কোনো অবহেলা করেননি।
তিনি বলেন, আগের নবীরা নির্দিষ্ট কওম ও সময়ের জন্য প্রেরিত হতেন। কিন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র বিশ্বজগতের জন্য এবং কিয়ামত পর্যন্ত নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি সর্বশেষ নবী। তাঁর পর আর কোনো নবী আসবেন না। ফলে তাঁর উম্মতের আলেমদের ওপরই নবীদের হেদায়েতি দায়িত্ব পালনের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। তাদের দায়িত্ব ও কর্মপরিধি তাই অনেক বিস্তৃত।
দ্বীনি ইলমের দুটি মূল উৎসের কথা উল্লেখ করে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য পবিত্র কোরআন ও সুন্নাহ রেখে গেছেন। কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। একইভাবে হাদিস সংরক্ষণ ও সংকলনের জন্যও তিনি বিশেষ ব্যবস্থা করেছেন। সাহাবায়ে কেরাম ও পরবর্তী মুহাদ্দিসরা অত্যন্ত সতর্কতা ও আমানতদারির সঙ্গে রাসুলুল্লাহর বাণী, কর্ম ও সম্মতিকে সংরক্ষণ করেছেন। ফলে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য দ্বীনের এই দুই মূল উৎস অক্ষুণ্ণ থাকবে।
আলেম ও তালিবুল ইলমদের উদ্দেশে তিনি বলেন, নবীজির রেখে যাওয়া এই আমানত যথাযথভাবে উস্তাদদের কাছ থেকে অর্জন করতে হবে। প্রথমে ইলমে দক্ষতা অর্জন, এরপর নিজের জীবনে তার বাস্তবায়ন এবং সবশেষে মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। উত্তরাধিকারী হওয়ার অর্থ শুধু সম্পদের মালিক হওয়া নয়; বরং উত্তরাধিকারসূত্রে পাওয়া দায়িত্ব ও আমানত পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এর অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীদের নিয়ত বিশুদ্ধ করার আহ্বান জানিয়ে মাওলানা নোমানী বলেন, ইলম অর্জনের শুরুতেই নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের আমানত সংরক্ষণের উদ্দেশ্যে ইলম শিখতে হবে। ইখলাস ও উত্তম নিয়তে ইলম অর্জনের পাশাপাশি অন্তরে এর মর্যাদা ও দায়িত্ববোধ ধারণ করতে হবে।
তিনি বলেন, ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি হজরত আবু দারদা (রা.)-এর সূত্রে বর্ণিত ‘ইলম কেবল শেখার মাধ্যমেই অর্জিত হয়’ মর্মের হাদিস উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যায়, প্রকৃত আলেম হওয়ার আগে একজনকে যথাযথ শিক্ষার্থী হতে হবে। যে ব্যক্তি সঠিকভাবে ইলম অর্জনের আদব ও পদ্ধতি রপ্ত করতে পারে না, তার পক্ষে প্রকৃত অর্থে আলেম হওয়া সম্ভব নয়। আর আলেম হওয়ার আগে শিক্ষক হওয়ার প্রশ্নও আসে না।
উস্তাদের মাধ্যমে ইলম অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত অধ্যয়ন ও নিজস্ব চিন্তাভাবনার ওপর নির্ভর করে দ্বীনি জ্ঞান অর্জন করলে অনেক সময় সঠিক দিকনির্দেশনা থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। তাঁর ভাষায়, তাঁর শায়খ ও উস্তাদ মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, উস্তাদের মাধ্যমে অর্জিত নয়—এমন ইলমে হেদায়েতের আলো থাকে না; বরং তা বিভ্রান্তির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, ইতিহাসে বিভিন্ন বিভ্রান্ত মতবাদ ও গোষ্ঠীর উত্থানের পেছনে যথাযথ দ্বীনি শিক্ষার অভাব এবং ব্যক্তিগত অধ্যয়ননির্ভর ব্যাখ্যার প্রবণতা দেখা যায়। তাই তালিবুল ইলমদের উচিত নিজেদের উস্তাদদের সামনে সম্পূর্ণ বিনয় ও আন্তরিকতার সঙ্গে উপস্থাপন করা। সাদা কাগজের মতো নিজেদের প্রস্তুত রাখতে হবে, যেন উস্তাদরা তাঁদের সঠিকভাবে গড়ে তুলতে পারেন। ব্যক্তিগত অধ্যয়নে কোনো বিষয় জানলেও তা আকাবির আলেমদের শিক্ষা, স্বীকৃত জ্ঞানধারা ও সনদের আলোকে যাচাই করে নিতে হবে।
নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেমদের দায়িত্বের পরিধি তুলে ধরে তিনি বলেন, এই দায়িত্ব পালনের সূচনা হতে হবে নিজের জীবন থেকে। এরপর পরিবার-পরিজন, প্রতিবেশী, আশপাশের মানুষ এবং পর্যায়ক্রমে পুরো এলাকা, শহর ও দেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। নিজেদের জীবনকে ইলমের বাস্তব নমুনা হিসেবে গড়ে তুলতে না পারলে মানুষের সামনে দ্বীনের সঠিক চিত্র তুলে ধরা কঠিন।
জামিয়াতুল আবরারের বিশেষ পরিচয় ও নিসবতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে হজরত মাওলানা আবরার হক সাহেবের সম্পর্ক রয়েছে। তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সুন্নাতের অনুসরণ ও পুনর্জীবন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাতের বাস্তবায়ন, কোরআন তিলাওয়াত ও আজানের বিশুদ্ধতা সংশোধনের প্রতি তাঁর বিশেষ গুরুত্ব ছিল।
তিনি বলেন, জামিয়াতুল আবরারের শিক্ষার্থীদের মধ্যেও এই মেজাজ ও বৈশিষ্ট্য গড়ে উঠতে হবে। নামাজের প্রতিটি রুকন, দৈনন্দিন আমল, কথা বলা, সালাম দেওয়া ও মুসাফাহাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ নিশ্চিত করতে হবে। শুধু ইলম অর্জন করলেই হবে না; সেই ইলমের প্রভাব যেন শিক্ষার্থীদের আচরণ, চরিত্র ও জীবনযাপনে প্রকাশ পায়। যে মহান ব্যক্তিত্বের নামের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক, তাঁর আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলনও শিক্ষার্থীদের মধ্যে থাকা প্রয়োজন। অনুলিখন: কাজী যিমাম আহমাদ
এসএইচ/