বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
মুফতি রুহুল আমিন দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি ব্যক্তিত্ব। তিনি উপমহাদেশের বিশিষ্ট আলেম, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও ছদর সাহেব হিসেবে পরিচিত আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর ছেলে। ১৯৬২ সালের ১২ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায় তাঁর জন্ম।
বাবার প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম, গওহরডাঙ্গা মাদরাসায় তাঁর শিক্ষাজীবনের সূচনা। বর্তমানে তিনি এ মাদরাসার মুহতামিম বা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান এবং খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন।
তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাসচিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর এবং আল-হাইআতুল উলয়ার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২২ সালের ৩১ মার্চ তিনি বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাঁকে এ পদ থেকে অপসারণ করা হয়। এ ছাড়া ঢালকনগর মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
এসএইচ/