নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে দরসে হাদিস ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরস প্রধান করেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শত শত শিক্ষার্থী এবং আলেম-উলামা অংশ নেন।
এ সময় মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মুফতি মাহফুজুর রহমান কাসেমীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দরসে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, মহান আল্লাহর কাছে মানুষের প্রকৃত মর্যাদা পরিচয় কিংবা পদ-পদবিতে নয়, বরং ইলমের কারণে। তাই সম্মানের প্রকৃত উৎস হলো জ্ঞান অর্জন ও তার চর্চা।
ইলম অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হওয়া সত্ত্বেও রাসুলুল্লাহ (সা.) ইলম বৃদ্ধির জন্য দোয়া করেছেন। এর মাধ্যমে আজীবন জ্ঞান অর্জন ও ইলম বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায়।
দরস শেষে বিশেষ মোনাজাতে শিক্ষার্থীদের জন্য সৎকর্ম, ইলম ও আদব অর্জনের তাওফিক কামনা করেন মুফতি আবুল কাসেম নোমানী। পাশাপাশি আলেম হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, অর্জিত জ্ঞান অনুযায়ী আমল, মহান আল্লাহর ইবাদত এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেদমত করার তাওফিক চেয়ে দোয়া করেন তিনি।
আইও/