বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮


আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী শিল্পকলার ঐতিহ্য, বৈচিত্র্য ও বিশ্বসভ্যতায় এর অবদান তুলে ধরতে আজ ১৮ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। ইসলামের অতীত ও সমকালীন শিল্পধারার প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো এবং এই শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে ১৮ নভেম্বরকে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাহরাইনের উদ্যোগে গৃহীত এ সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী শিল্পকলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

ইসলামী শিল্পকলা কেবল মসজিদ বা ধর্মীয় স্থাপনার নকশার মধ্যে সীমাবদ্ধ নয়। আরবি ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প ও সংগীতসহ সৃজনশীল শিল্পের নানা শাখা এর অন্তর্ভুক্ত। স্পেন থেকে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সংযোগে এই শিল্পধারা সমৃদ্ধ হয়েছে।

ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা বিভিন্ন শিল্প আন্দোলনকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য, মত প্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য সংরক্ষণ ও আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। দিবসটি পালনের মধ্য দিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক নৈকট্য বাড়ানোর প্রত্যাশা করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্প সংগঠন নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে রয়েছে শিল্পকলা প্রদর্শনী, কর্মশালা, আলোচনা সভা ও শিক্ষামূলক আয়োজন।

এ উপলক্ষে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টও বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে ক্যালিগ্রাফি ও অলংকরণবিষয়ক কর্মশালা, প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া জাদুঘরের গ্রন্থাগারে বুকমার্ক তৈরি ও শিল্পবিষয়ক ধাঁধার আয়োজন রাখা হয়েছে।

ইসলামী শিল্পকলার দীর্ঘ ইতিহাস, নান্দনিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় প্রকাশভঙ্গি বিশ্বসংস্কৃতিতে এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং বিশ্বদরবারে এর গুরুত্ব তুলে ধরার একটি উপলক্ষ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ