মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক ও উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন এবং বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জামের ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে শব্দদূষণ বাড়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।

এতে আরও বলা হয়, অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুমোদনহীন এসব সরঞ্জামের ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন কিংবা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।

নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ