নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, বর্ষীয়ান আলেমে দীন, দারুল উলুম দেওবন্দের ছদরুল মুদাররিসিন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর অসুস্থতা স্বাভাবিক বার্ধক্যজনিত বলে জানিয়েছেন দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁর ডায়াগনোসিস রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসক এ বিষয়ে পরিবারকে আশ্বস্ত করেছেন। আগামীকাল আরও একটি পরীক্ষা করা হবে। তবে সেটি গুরুতর কোনো পরীক্ষা নয় বলে জানিয়েছেন তাঁর ছেলে মাওলানা সাইয়্যিদ আজহার মাদানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কক্সবাজারের ঐতিহ্যবাহী পোকখালী মাদরাসায় যাওয়ার পথে এ সুখবর পান মাওলানা সাইয়্যিদ আজহার মাদানী। তাঁর সফরসঙ্গী লেখক ও অ্যাকটিভিস্ট মাওলানা ওয়ালীউল্লাহ আরমান নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে আরমান উল্লেখ করেন, সফরকালে দেওবন্দ থেকে মাওলানা সাইয়্যিদ আজহার মাদানীর মোবাইল ফোনে একটি কল আসে। কথা শেষে কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবেগাপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দেন এবং কয়েকবার ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করেন।
পরে সফরসঙ্গীদের তিনি জানান, দিল্লির বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আজমত করিম তাঁর পিতা মাওলানা আরশাদ মাদানীর ডায়াগনোসিস রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, তাঁর অসুস্থতা স্বাভাবিক বার্ধক্যজনিত। আগামীকাল আরও একটি পরীক্ষা করা হবে। তবে সেটি গুরুতর কিছু নয়।
মাওলানা ওয়ালীউল্লাহ আরমান জানান, এ খবর শোনার পর মাওলানা সাইয়্যিদ আজহার মাদানীর আবেগাপ্লুত প্রতিক্রিয়া ও মহান আল্লাহর শুকরিয়া আদায় উপস্থিত সবাইকে স্পর্শ করে। তাঁরাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে সেজদা করেন।
এসএইচ/