নিজস্ব প্রতিবেদক
এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ নিয়েছে আলোচিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আন্তর্জাতিক মানের ইসলামি গবেষক তৈরির লক্ষ্যে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আগামী ২২ আগস্ট (শনিবার) রাজধানীর সাতারকুলে দিনব্যাপী ‘ইসলামি গবেষণা পদ্ধতি বিষয়ক বিশেষ কর্মশালা’ আয়োজন করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞানচর্চা, সত্য অনুসন্ধান এবং নতুন জ্ঞান নির্মাণে গবেষণার গুরুত্ব অপরিসীম। তবে ইসলামি অঙ্গনে পদ্ধতিগত গবেষণা, প্রামাণ্য উৎসের ব্যবহার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষক তৈরির ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় গবেষণামুখী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতারকুলের কাজীবাড়ি ক্যাম্পাসে অবস্থিত আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, কর্মশালায় গবেষণার মৌলিক দর্শন, বিষয় নির্বাচন, গবেষণা পরিকল্পনা, তথ্য ও সূত্র সংগ্রহ, একাডেমিক লেখালেখি, রিসার্চ পেপার ফরম্যাটিং, সাইটেশন ও রেফারেন্সিং, থিসিস স্টেটমেন্ট তৈরির কৌশল, সমালোচনামূলক বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর গবেষণা প্রযুক্তির কার্যকর ও নৈতিক ব্যবহার নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া ইসলামি ও পাশ্চাত্য গবেষণা দর্শনের তুলনামূলক আলোচনা, গবেষণার অন্টোলজি ও এপিস্টেমোলজি, লিটারেচার সার্চ এবং গবেষণায় বিভিন্ন প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারের বিষয়েও বিস্তারিত আলোচনা থাকবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং যুক্তরাষ্ট্রের কাম্বারল্যান্ডস ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট (ফিনটেক) বিভাগের পিএইচডি ফেলো ড. জাহিদুজ্জামান জাহিদ।
আয়োজকদের মতে, কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ইসলামী গবেষণার মৌলিক ভিত্তি অর্জনের পাশাপাশি গবেষণায় আধুনিক প্রযুক্তি ও AI-এর দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন।
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে। এছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে গবেষণার ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড পর্যায়ের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।
কর্মশালায় অংশগ্রহণের জন্য তাকমিল, অনার্স শেষ বর্ষ, কামিল বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে এবং একাডেমিক ফলাফলে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। মোট ১০০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৯ আগস্ট। প্রাথমিকভাবে নির্বাচিতদের ফোনকলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
আইও/