নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দখল, আক্রমণ ও যুদ্ধের হুমকিসহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কয়েকজন নেতার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা এসব বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের প্রতি সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় বলেন, প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে বিজেপি নেতাদের এমন দায়িত্বজ্ঞানহীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব বক্তব্য দেওয়া হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণ কোনো ধরনের আধিপত্যবাদ, আগ্রাসন কিংবা বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও উসকানির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে জমিয়ত নেতারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি বিদেশি উসকানি ও ষড়যন্ত্রের বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, বিজেপি নেতাদের এসব বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক প্রতিবাদ জানাতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সরকারকে সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতির শেষাংশে জমিয়ত নেতৃদ্বয় বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি দেশের অভ্যন্তরে সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
আরএইচ/