আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন সৌদি আরবের দুই বিশিষ্ট আলেম। তাঁরা হলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিদপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আল-মদিনা বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। হিজরি ১৪৪৮ সালের ১৭ জুমাদাল আখিরা তারিখে এ জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
শায়খ অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি পবিত্র মসজিদুল হারামের অন্যতম ইমাম ও খতিব। ১৯৬৬ সালে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০৭ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান শায়খ গাজ্জাবি। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে মসজিদে নববিতে জুমার খুতবা ও নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুয়াইজান। তিনি মসজিদে নববির ইমাম ও খতিবের পাশাপাশি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক।
তিনি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে উচ্চতর বিচার বিভাগীয় ইনস্টিটিউট থেকে শরিয়াহ পলিসি ও আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৩ সালে সৌদি রাজকীয় আদেশে তাঁকে মসজিদে নববির স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন
আরএইচ/