আন্তর্জাতিক ডেস্ক
গাজার ১৪ বছর বয়সী কিশোর মুহান্নাদ আল-হুসনি মাত্র ২৬ দিনে পুরো কুরআন মুখস্থ করে বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মসজিদে আয়োজিত বিশেষ হিফজ কর্মসূচিতে অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া শরণার্থী শিবিরের আল-আওদাহ মসজিদে ‘আন-নুখবা’ নামে গ্রীষ্মকালীন হিফজ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত চলত এ কার্যক্রম। এ সময়ে মুহান্নাদ প্রতিদিন গড়ে প্রায় ২৫ পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করত। এভাবে মাত্র ২৬ দিনেই পুরো কুরআন হিফজ সম্পন্ন করে সে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মুহান্নাদ বলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার উদ্দেশ্যেই সে কোরআন মুখস্থ করেছে। পুরো সময়টি তার কাছে ছিল অত্যন্ত আনন্দের।
দারুল কোরআন ওয়াস সুন্নাহ অ্যাসোসিয়েশন পরিচালিত এ কর্মসূচিতে ১৫০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে যোগ্যতা ও উত্তম চরিত্রের ভিত্তিতে ১৫ জনকে বাছাই করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যায় হিফজ করানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজাজুড়ে তাদের পরিচালিত ৭৭৬টি হিফজকেন্দ্রে ২২ হাজারের বেশি শিক্ষার্থী কোরআন মুখস্থ করছে। হিফজ সম্পন্ন করার পর মুখস্থ করা অংশ আরও দৃঢ় ও নির্ভুল করতে নবীন হাফেজদের ‘হুফফাজ ফোরাম’-এ যুক্ত করা হয়।
বর্তমানে এ ফোরামে ১ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী নিয়মিত অংশ নিচ্ছে। তবে গাজায় ইসরায়েলি অবরোধের কারণে হিফজ কার্যক্রম পরিচালনায় নানা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অর্থায়ন ও শিক্ষকদের সম্মানী পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কোরআন শিক্ষার এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: আল-জাজিরা
আইও/