বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮


আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মিসরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার শরিফের আয়োজনে ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ছয় আলেম।

দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, আলজেরিয়া, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, গাম্বিয়া, জিবুতি ও টোগোর প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আবাসন, আহারসহ পুরো প্রশিক্ষণ ব্যয় আল-আজহার শরিফ বহন করে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সমসাময়িক দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় বক্তব্য ও আলোচনার আধুনিকায়ন, চরমপন্থি চিন্তাধারা মোকাবিলা এবং ইসলামের মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দাঈদের দক্ষ করে তুলতে গণমাধ্যম ও যোগাযোগের ওপরও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ইমাম ও দাঈদের দক্ষতা উন্নয়ন, ইসলামের সঠিক বার্তা প্রচার এবং শান্তি ও সহাবস্থানের পরিবেশ তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে আল-আজহার শরিফ। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম ও মুসলমানদের সেবায় প্রতিষ্ঠানটির ভূমিকার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

দেশে ফিরে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা প্রশিক্ষণের আয়োজন ও সহযোগিতার জন্য আল-আজহার শরিফ, এর গ্র্যান্ড ইমাম এবং আল-আজহার ইন্টারন্যাশনাল একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। অর্জিত জ্ঞান দেশে দাওয়াতি কার্যক্রমে কাজে লাগানোর পাশাপাশি সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন এবং মধ্যপন্থা ও সহনশীলতার সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ