
|
আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
মিসরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার শরিফের আয়োজনে ‘সমসাময়িক দাঈ প্রস্তুতি’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশের ছয় আলেম। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও ভারত, আলজেরিয়া, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, গাম্বিয়া, জিবুতি ও টোগোর প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আবাসন, আহারসহ পুরো প্রশিক্ষণ ব্যয় আল-আজহার শরিফ বহন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে সমসাময়িক দাওয়াতি কার্যক্রম, ধর্মীয় বক্তব্য ও আলোচনার আধুনিকায়ন, চরমপন্থি চিন্তাধারা মোকাবিলা এবং ইসলামের মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দাঈদের দক্ষ করে তুলতে গণমাধ্যম ও যোগাযোগের ওপরও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের ইমাম ও দাঈদের দক্ষতা উন্নয়ন, ইসলামের সঠিক বার্তা প্রচার এবং শান্তি ও সহাবস্থানের পরিবেশ তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে আল-আজহার শরিফ। আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম ও মুসলমানদের সেবায় প্রতিষ্ঠানটির ভূমিকার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। দেশে ফিরে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা প্রশিক্ষণের আয়োজন ও সহযোগিতার জন্য আল-আজহার শরিফ, এর গ্র্যান্ড ইমাম এবং আল-আজহার ইন্টারন্যাশনাল একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। অর্জিত জ্ঞান দেশে দাওয়াতি কার্যক্রমে কাজে লাগানোর পাশাপাশি সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন এবং মধ্যপন্থা ও সহনশীলতার সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। এসএইচ/ |