নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও ক্যাম্পাস লাইফের শরিয়াহ’ শীর্ষক ইসলাহী আলোচনা এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নিয়ে ‘মিটআপ উইথ শায়খে চরমোনাই’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট)অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি প্রথমে মূল ভবনে সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ঐতিহাসিক আলোকচিত্র ঘুরে দেখেন।
পরে নির্ধারিত আলোচনায় শায়খে চরমোনাই জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা, নৈতিক নেতৃত্ব, আদর্শিক রাজনীতি এবং ক্যাম্পাস জীবনে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহভিত্তিক জীবনাচরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও দ্বীনি মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সমসাময়িক, সামাজিক, ধর্মীয় ও শিক্ষাবিষয়ক প্রশ্নের উত্তর দেন শায়খে চরমোনাই। উপস্থিত শিক্ষার্থীরা আগ্রহভরে তার বক্তব্য শোনেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা শায়খে চরমোনাইয়ের সঙ্গে মুসাফাহা করেন এবং তাঁর কাছে দোয়া কামনা করেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
আরএইচ/