সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাঙামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (৩ আগস্ট) ভোরে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় আগুনের সূত্রপাত হয়।মুহূর্তেই আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে তিনটি কারখানা ও একটি ঘর ভস্মীভূত হয়।

তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে।

আগুনের খবর পেয়ে লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নেতৃত্বে সেনাবাহিনীর তিনটি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।
 
লংগদু জোন সূত্রে জানা যায়, সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপের কারণে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডের সময় লংগদু জোনের মেডিকেল টিম ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত ছিল।

লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসও যোগ দেয়। দ্রুততার সাথে আগুন নেভানোর কাজে অংশ নেওয়ায় আগুন আর ছড়াতে পারেনি। তবে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ