ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূর নবী পাটোয়ারী জেলার তারাকান্দার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ ডিএসবিতে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পুলিশ সদস্য মকবুল হোসেন ও তার বাবা। পথিমধ্যে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন। পরে বাবাকে দাঁড় করিয়ে রেখে সিএনজি অটোরিকশার খুঁজতে যান মকবুল। কিন্তু সিএনজি নিয়ে ফিরে এসে দেখেন তার বাবা নেই।
বৃদ্ধ নুর নবী ভারসাম্যহীন থাকায় নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে। ঘটনার দুই দিন পর আজ শনিবার বিকালে শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশনের কাছে নদের পানিতে তার লাশ ভেসে ওঠে।
নিহতের অপর ছেলে রাকিবুল ইসলাম ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুর পেছনে কারও কোনো হাত বা সন্দেহ নেই। তারা কোনো মামলা-মোকদ্দমা করতে চান না। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় লিখিত আবেদন করেছি।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনার পর নিহতের ছেলে কোতোয়ালি থানায় জিডি করেছিলেন। পরে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইও/