জহির উদ্দিন বাবর
রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। সময়ের পরিক্রমায় এই ঢাকা হয়ে উঠেছে মাদরাসার শহরও। প্রায় দুই কোটি মানুষের এই জনবহুল মহানগরে গড়ে উঠেছে কয়েক হাজার দীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব মাদরাসা নগরবাসীর ধর্মীয় ও শিক্ষাগত চাহিদা পূরণের পাশাপাশি দেশজুড়ে ইলমে দীনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আজ থেকে প্রায় একশ বছর আগে ঢাকায় কোনো কওমি মাদরাসা ছিল না। ১৯৩৬ সালে বুড়িগঙ্গার তীরে আশরাফুল উলুম বড়কাটারা মাদরাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজধানীতে প্রাতিষ্ঠানিক কওমি শিক্ষার যাত্রা শুরু হয়। এ কারণেই প্রতিষ্ঠানটিকে বলা হয় ঢাকার ‘উম্মুল মাদারিস’ বা মাদরাসাগুলোর জননী।
এই মাদরাসার প্রতিষ্ঠা ও বিকাশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তিন মহান বুজুর্গের নাম। তাঁরা হলেন ছদর সাহেব খ্যাত মুজাহিদে আজম মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ., হজরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এবং হজরত মাওলানা আবদুল ওয়াহাব পীরজি হুজুর রহ.। বিশ শতকের শুরুতে দারুল উলুম দেওবন্দে শিক্ষাজীবন সম্পন্ন করে তাঁরা হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর নির্দেশনায় পূর্ব বাংলায় আসেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ায় কয়েক বছর ইলমি খেদমত আঞ্জাম দেন। এরপর বাগেরহাটের গজালিয়ায় একটি মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে দীনি শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন। একপর্যায়ে তাদের ভাবনায় আসে রাজধানী ঢাকাকে ইলমে দীনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন। তাদের ইখলাস, লিল্লাহিয়াত, দূরদর্শিতা ও দীনের প্রতি গভীর দরদের কারণেই আজকের ঢাকা মসজিদ ও মাদরাসার শহর। তাঁরা উপলব্ধি করেছিলেন, রাজধানীতে সহিহ ধারার ইসলামি শিক্ষার বিস্তার ঘটাতে পারলে তার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা দেশে। সেই উপলব্ধি থেকেই তাঁরা যে নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতা নিয়ে কাজ করেছেন, তা এ অঞ্চলের ইসলামি শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বড়কাটারা মাদরাসা প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পর ১৯৫০ সালে পুরান ঢাকায় প্রতিষ্ঠিত হয় জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ। এ সময় পীরজি হুজুর রহ. বড়কাটারা মাদরাসায় থেকে যান। আর বাকি দুই বুজুর্গÑছদর সাহেব ও হাফেজ্জী হুজুর রহ. লালবাগ শাহি মসজিদকে কেন্দ্র করে নতুন এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। তখনকার ঢাকা আজকের মতো বিস্তৃত মহানগর ছিল না; নগরজীবনের মূল কেন্দ্র ছিল পুরান ঢাকা। বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই আবর্তিত হতো তখনকার ঢাকা। সেখানে লালবাগ মাদরাসা প্রতিষ্ঠার প্রায় ছয় বছর পর তৃতীয় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পেছনেও রয়েছে এক বিস্ময়কর ঘটনা, যা এর ইতিহাসকে দিয়েছে ভিন্ন এক মাত্রা।
ইতিহাসের নানা উপাত্ত ঘেঁটে জানা যায়, কলকাতার প্রসিদ্ধ দীনদার ব্যবসায়ী ওয়াছেল মোল্লা ছিলেন হজরত ছদর সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। ব্যবসায়িক সাফল্যে তিনি ছিলেন অনন্য। কলকাতার হিন্দু ব্যবসায়ীরাও তাঁর সঙ্গে পাল্লা দিতে পারত না। বন্ধুত্বের সুবাদে ওয়াছেল মোল্লার ছেলেদের সঙ্গে ছদর সাহেবের ছিল আপনজনের সম্পর্ক। তারা তাঁকে ‘চাচাজি’ বলে সম্বোধন করতেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর ওয়াছেল মোল্লার ছেলে কবীর উদ্দীন মোল্লা ঢাকায় এসে বিভিন্ন স্থানে জমি কেনেন এবং কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। বাবার বন্ধুর প্রতি তাঁরও ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রায়ই ছদর সাহেবের কাছে যাতায়াত করতেন।
একদিন এক ব্যক্তি এসে ছদর সাহেবের কাছে অভিযোগ করলেন, কবীর উদ্দীন মোল্লা ফরিদাবাদ এলাকায় প্রায় পাঁচ বিঘা জমি কিনেছেন। সেখানে সিনেমা হল নির্মাণের পরিকল্পনা করছেন। খবরটি শুনে ছদর সাহেব বিচলিত হলেন। যে তরুণকে তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেন, সে এমন একটি কাজে জড়াতে যাচ্ছেÑবিষয়টি তাঁকে ভাবিয়ে তুলল। তিনি আর দেরি না করে কবীর উদ্দীন মোল্লাকে তাঁর সঙ্গে দেখা করতে খবর পাঠালেন। ছদর সাহেবের ধারণা ছিল, খবর পেয়েই কবীর উদ্দীন ছুটে আসবেন। কিন্তু দিন যায়, তাঁর দেখা মেলে না। এক-দুই দিন নয়, কেটে গেল আট-দশ দিন। অবশেষে একদিন তিনি হাজির হলেন। সঙ্গে একটি ফাইল।
সেদিন ছদর সাহেবের কক্ষে উপস্থিত ছিলেন তাঁর খাদেম শাকের মুহাম্মদ। তাঁর বর্ণনায়, কবীর উদ্দীন মোল্লা এসে প্রথমে হুজুরের সঙ্গে মুসাফাহা করলেন। তারপর অত্যন্ত আদবের সঙ্গে বসতেই ছদর সাহেব বললেনÑ ‘কবীর মিয়া! তোমাকে তো অনেক আগেই খবর দিয়েছিলাম। আসতে এতো দেরি করলে কেন?’ কবীর উদ্দীন মোল্লা বিনীতভাবে উত্তর দিলেন। এরপর সঙ্গে আনা ফাইলটি খুলে একটি দলিল বের করে হুজুরের হাতে তুলে দিলেন। বলতে শুরু করলেন- ‘হুজুর! আপনার খবর পাওয়ার পর থেকেই আমার মন কেঁপে উঠেছিল। ফরিদাবাদের ওই জায়গাটি আমি সিনেমা হল করার জন্য কিনেছিলাম। এ কথা অনেকের কাছেই বলেছি। মনে হচ্ছিল, হয়তো একদিন বিষয়টি আপনার কানেও যাবে, আর আপনি আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করবেন। সেই চিন্তা থেকেই আমার ভেতরে ভয় কাজ করছিল। আমি বুঝতে পেরেছি, কাজটি ঠিক হচ্ছে না। তাই জায়গাটি আপনার নামে রেজিস্ট্রি করে দিতে কয়েক দিন সময় লেগেছে। এই নিন দলিল। জায়গাটি এখন আপনার ব্যক্তিগত সম্পত্তি।’
কবীর উদ্দীন মোল্লার কথা শুনে ছদর সাহেব বললেনÑ ‘বাবা, শর্তযুক্ত কোনো জায়গা আমি কবুল করি না। তুমি তোমার দলিল ফিরিয়ে নিয়ে যাও।’ এ কথা শুনে কবীর উদ্দীন মোল্লা যেন দিশেহারা হয়ে পড়লেন। তিনি হুজুরের পায়ে পড়ে কেঁদে ফেললেন। আকুল হয়ে জানতে চাইলেন, তাহলে কীভাবে জমিটি গ্রহণ করবেন তিনি? ছদর সাহেব এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন। বললেনÑ ‘কোনো শর্ত না থাকলে আমি কবুল করতে পারি। এখানে আমরা যা ইচ্ছা করব, সেই স্বাধীনতা দিতে হবে।’
কবীর উদ্দীন মোল্লা আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলেন। তাঁর কাছে জমিটি হুজুরের নামে লিখে দেওয়াই যথেষ্ট ছিল না; তিনি চেয়েছিলেন, জায়গাটি যেন দীনের কোনো কাজে ব্যবহৃত হয়। আর ছদর সাহেবও জমিটি গ্রহণ করতে চেয়েছিলেন সম্পূর্ণ শর্তহীনভাবেÑযাতে ভবিষ্যতে সেখানে দীনি শিক্ষার উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা যায়।
এরপর আর দেরি করেননি ছদর সাহেব। পরদিনই হজরত হাফেজ্জী হুজুরকে মুহতামিম করে ওই জায়গায় মাদরাসার কার্যক্রম শুরু করে দেন। জনাব আবদুল আজিজ রহ.-এর মাধ্যমে মোমেন মোটর কোম্পানিকে চারদিকে ভবিষ্যতে পাকা দালান নির্মাণের জন্য জায়গা রেখে টিনের ঘর তৈরির ব্যবস্থা করতে বলেন। পশ্চিম পাশে বড় আকারের একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। অল্প সময়ের মধ্যেই মাদরাসার কার্যক্রম চালু হয়ে যায়।
তবে ছদর সাহেবের পরিকল্পনা ছিল আরও সুদূরপ্রসারী। তিনি চেয়েছিলেন, ফরিদাবাদে দ্রুত একটি দাওরায়ে হাদিস মাদরাসা গড়ে উঠুক। এ জন্য হজরত হাফেজ্জী হুজুরের মতো সম্মানিত মুরব্বিকে সেখানে দীর্ঘদিনের প্রশাসনিক দায়িত্বে আবদ্ধ না রেখে বৃহত্তর একটি পরিকল্পনায় যুক্ত করতে চাইলেন। ফরিদাবাদ মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব দিলেন মাওলানা বজলুর রহমান সাহেবকে। তিনি তখন আশরাফুল উলুম বড়কাটারা থেকে বেরিয়ে এসেছেন। মজার বিষয় হলো, একসময় এই মাওলানা বজলুর রহমানই ছিলেন ছদর সাহেবের অন্যতম কঠোর সমালোচক। কিন্তু ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তাঁর যোগ্যতাকে মূল্যায়ন করেছিলেন ছদর সাহেব। অন্যদিকে হযরত হাফেজ্জী হুজুরকে ঢাকার উপকণ্ঠে কামরাঙ্গীরচরে বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
ফরিদাবাদ মাদরাসার কাজে হাত দেওয়ার আগেই ছদর সাহেব পুরো জমি মাদরাসার নামে ওয়াকফ করে দেন। ফলে যে জায়গায় একসময় সিনেমা হল নির্মাণের পরিকল্পনা ছিল, সেটিই হয়ে ওঠে দীনি শিক্ষার একটি স্থায়ী ঠিকানা। ছদর সাহেব রহ.-এর জীবদ্দশাতেই ফরিদাবাদ মাদরাসা শিক্ষা-দীক্ষা, আমল-আখলাকের দিক থেকে সুনাম ও সুখ্যাতি অর্জন করে। প্রতিষ্ঠার প্রায় দশ বছর পর ১৯৬৬ সালের দিকে ছদর সাহেব রহ. এই মাদরাসাকে কেন্দ্র করেই গড়ে তোলেন ইদারাতুল মাআরিফ বিভাগ। কওমি মাদরাসার ফারেগিনদের সাহিত্য-সাংবাদিকতা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তোলাই ছিল এই বিভাগের উদ্দেশ্য। তারা যেন যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন, সেভাবেই যোগ্যতাসম্পন্ন করে তোলা হতো এই বিভাগে। বিশিষ্ট লেখক, মিশকাত শরিফের বাংলা ভাষ্যকার মাওলানা নূর মুহাম্মদ আযমী রহ. ছিলেন বিভাগটির পরিচালক। ইদারাতুল মাআরিফ প্রতিষ্ঠার প্রায় তিন বছরের মাথায় ১৯৬৯ সালে ছদর সাহেব রহ. ইন্তেকাল করেন। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানটির হাল ধরেন জামিয়া ইসলামিয়া পটিয়ার হাজী মুহাম্মদ ইউনূস রহ., মাওলানা হারুন ইসলামাবাদী রহ., মাওলানা মুহিউদ্দীন খান রহ. এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রহ.। পাকিস্তানের বিখ্যাত জামিল কোম্পানি এই বিভাগের পুরো খরচ বহন করতো। স্বাধীনতার পর ওই কোম্পানির ব্যবসা ব্যাপক লোকসানের মুখে পড়লে এক পর্যায়ে অর্থায়ন বন্ধ করে দেয়। এতে ওই বিভাগটি আর্থিক সংকটে পড়ে। কয়েক বছর চলার পর বন্ধ হয়ে যায়।
ইখলাস ও লিল্লাহিয়াতের মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ফরিদাবাদ মাদরাসা গত সাত দশকে এ দেশের ইলমি অঙ্গনে রেখেছে অনন্য অবদান। প্রতিষ্ঠানটি শুধু হাজার হাজার আলেম তৈরি করেই ক্ষান্ত হয়নি, বরং এ দেশের মানুষের ঈমান-আকিদা ও ইসলামি মূল্যবোধের সুরক্ষায়ও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিষ্ঠাতা হজরত ছদর সাহেবের নিষ্ঠা, আন্তরিকতা ও দীনের প্রতি গভীর দরদ এবং দীর্ঘদিনের ইলমি খেদমতের সুবাদে ফরিদাবাদ মাদরাসা আজ দেশের অন্যতম সুপরিচিত ও মর্যাদাপূর্ণ দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গৌরবময় পথচলার ৭০ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অশেষ শুভকামনা।
লেখক: প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল; সম্পাদক, লেখকপত্র
আইও/