বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮


৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনে নতুন করে সুযোগ দিচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৮ হিজরি/২০২৭ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের নিবন্ধনের মূল কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। তবে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য যাচাই ও সংশোধনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তথ্যের কোনো গরমিল থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য সংশোধনের জন্য মাদরাসা অ্যাডমিন প্যানেলে ফেরত পাঠানো হচ্ছে।

এদিকে যেসব শিক্ষার্থীর নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, তাদের জন্য নতুন করে নিবন্ধনের সুযোগ দিয়েছে বেফাক কর্তৃপক্ষ। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট সাত দিন নতুন নিবন্ধন করা যাবে। পরীক্ষার ফি জমা শুরুর আগেই এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো নিবন্ধনের সুযোগ থাকবে না।

বেফাক জানিয়েছে, অনলাইন সফটওয়্যার ব্যবস্থা চালুর প্রথম বছর হওয়ায় মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়া ও হিফজুল কোরআন—এই তিন মারহালার যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এখনো তৈরি হয়নি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

এ ক্ষেত্রে মাদরাসা অ্যাডমিন প্যানেলের ‘প্রয়োজনীয় ডকুমেন্টস’ অপশন থেকে নির্ধারিত অঙ্গীকারপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। পরে অভিভাবকের স্বাক্ষর এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সিলসহ অঙ্গীকারপত্রটি নিবন্ধনের সময় অনলাইন সফটওয়্যারে আপলোড করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

তবে এসব শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন বা এনআইডি অতিসত্বর তৈরি করতে হবে। এর কপি আগামী ১৫ রজব ১৪৪৮ হিজরির মধ্যে বেফাক অফিসের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।

বেফাক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মাদ্রাসা ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও তথ্য সংশোধনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ