নিজস্ব প্রতিবেদক
ইসলামের মৌলিক আকিদা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রচার-প্রসারে আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি বলেন, সমাজে প্রচলিত কুসংস্কার, ধর্মীয় বিভ্রান্তি ও আকিদাগত বিচ্যুতি দূর করতে আলেমদের জ্ঞান, প্রজ্ঞা ও হিকমাহর সঙ্গে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে বিশুদ্ধ আকিদা ও ইসলামী আদর্শে গড়ে তুলতেও দাওয়াতি কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, আলেম-ওলামারা নবী-রাসুলদের রেখে যাওয়া দ্বীনি দায়িত্বের উত্তরাধিকারী। তাই ব্যক্তিগত আমল-আখলাকের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা তাদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে মসজিদ, মাদরাসা, ওয়াজ-মাহফিল ও সামাজিক পরিসরে কার্যকর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, দ্বীনি ঐক্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। দ্বীনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আলেমদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও তাঁদের অগ্রণী ভূমিকা প্রয়োজন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান। তিনি নোয়াখালী অঞ্চলে দ্বীনি শিক্ষা, দাওয়াতি কার্যক্রম ও আলেম সমাজের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে দ্বীনি কার্যক্রম গতিশীল করতে ওলামায়ে কেরামের সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সম্মেলনে নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখ, ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের দ্বীনি দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের মৌলিক আকিদা সংরক্ষণ, দ্বীনি শিক্ষার প্রসার, সামাজিক অনাচার ও নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে নোয়াখালী অঞ্চলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দ্বীনি ও সামাজিক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসএইচ/