নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে শতাধিক মাদরাসা শিক্ষার্থীর অংশগ্রহণে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলার বিভিন্ন মাদরাসার হিফজ বিভাগের ১৬টি দল ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় মাদরাসা অডিটোরিয়ামে আলোচনা সভা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন। প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা হাসান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি ক্বারী ওসমান গণি, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির আনসারী, মগাইছড়ি মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহিম ফারুকী এবং মহামুনি দারুণ নাজাত হিফজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা পবিত্র কুরআনের বাণী প্রচার ও হিফজ শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তরুণ প্রজন্মের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২৮ জন প্রতিযোগীর হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানটির সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসায় প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক।
আইও/