ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই ২টি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
আইও/