আন্তর্জাতিকে ডেস্ক
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে দেশটির ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
২০১৮ সালে পাকিস্তানের তৎকালীন তাবলিগ জামাতের আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর সংগঠনটির আমিরের দায়িত্ব গ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। এরপর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
১৯২৯ সালে রাওয়ালপিন্ডির কাছে বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবীণ আলেম। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। পাকিস্তানে তাবলিগ জামাতের শুরুর দিকের প্রবীণ সাথীদের একজন ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে কাটিয়েছেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও অবদান রেখেছেন।
সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও শোক প্রকাশ করেছেন। এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা শোক জানিয়েছেন। তারা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আইও/