ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পোশাক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গার্মেন্ট পল্লীর মসজিদ মার্কেটসংলগ্ন আবুল হোসেন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আবুল হোসেন মার্কেট থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেরানীগঞ্জ গার্মেন্ট পল্লী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে সমিতির আনসার সদস্য, কর্মকর্তা ও আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
এসএইচ/