রাজধানীর মোহাম্মদপুরে আল-মারকাজুল ইসলামী পরিচালিত এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) অ্যাসেসমেন্টে উত্তীর্ণ ৯৬ প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চারটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়। তিন মাসের প্রশিক্ষণ শেষে চূড়ান্ত অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হওয়ার পর তারা এ সনদ পান।
সনদপ্রাপ্তরা জেনারেল কেয়ারগিভিং লেভেল-২, কেয়ারগিভিং ফর এল্ডারলি পারসন লেভেল-৩, কেয়ারগিভিং ফর ইনফ্যান্ট, টডলার অ্যান্ড চিলড্রেন লেভেল-৩ এবং কেয়ারগিভিং ফর পারসন্স উইথ স্পেশাল নিডস লেভেল-৩ কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন পিকেএসএফের সিনিয়র জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসান খালেদ, জাপানের ফ্রিল্যান্স কনসালট্যান্ট তাইসুকে তোকুওকা, এএমআইয়ের উপদেষ্টা আলহাজ হালিমুজ্জামান, এএমআই স্কিলের অ্যাডভাইজার দেওয়ান কামরুজ্জামান এবং প্রশিক্ষক সজিব উদ্দিন। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ম্যানেজার নাজমুল হাসান সাকিব।
বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করতে কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
আয়োজকদের ভাষ্য, এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আল-মারকাজুল ইসলামী পরিচালিত একটি NSDA অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আইও/