নিজস্ব প্রতিবেদক
ইমাম, হাফেজ, মাদরাসা শিক্ষার্থী ও বেকার যুবকদের জন্য দুই মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি। ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্স অনুষ্ঠিত হবে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে স্বহস্তে লিখিত আবেদন জমা দিতে হবে ৬ সেপ্টেম্বরের মধ্যে। বাছাই ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।
দুই মাসের এ কোর্সে কম্পিউটার ব্যবহারের মৌলিক বিষয় থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে
কম্পিউটারের মৌলিক ধারণা
মাইক্রোসফট ওয়ার্ড ও বাংলা-ইংরেজি টাইপিং
মাইক্রোসফট এক্সেল
মাইক্রোসফট অ্যাকসেস
পাওয়ার পয়েন্ট ও প্রেজেন্টেশন তৈরি
ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল যোগাযোগ
কম্পিউটার ট্রাবলশুটিং ও সমস্যা সমাধান
কারা আবেদন করতে পারবেন
প্রার্থীদের ন্যূনতম দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ইমামদের স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে ইমামতির প্রমাণপত্র এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রমাণপত্র জমা দিতে হবে। এ ছাড়া এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিও প্রয়োজন হবে।
প্রশিক্ষণের জন্য কোনো কোর্স ফি দিতে হবে না। তবে নির্বাচিত প্রার্থীকে নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা এবং জামানত হিসেবে ১ হাজার টাকা জমা দিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর জামানতের টাকা সনদপত্রের সঙ্গে ফেরত দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে। তবে প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের জন্য কোনো টি.এ./ডি.এ প্রদান করা হবে না। আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬।
এমএন/