প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।
সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন যে চারজন মন্ত্রী হচ্ছেন তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
দীর্ঘ দুই দশক পর গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। গত ১৮ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের দিনই ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়। মন্ত্রিসভায় ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সেদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
সেদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মাঝে কিছু মন্ত্রণালয়ে রদবদল করা হলেও নতুন করে মন্ত্রিসভায় কাউকে যুক্ত করা হয়নি। এবার সেই তালিকায় নতুন করে চারজন যুক্ত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পরই নতুন মন্ত্রিরা শপথ নেবেন।
আইও/