রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭


দেশে ফেরা হাজির সংখ্যা ৩৭ হাজার পার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ রোববার আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি নয়টি পৃথক ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের ফ্লাইটগুলো সম্পন্ন হলে চলতি বছরের হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। বাকি হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

দেশে ফিরে অনেক হাজি হজযাত্রার অভিজ্ঞতা ও অনুভূতি গণমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করেছেন। তারা সৌদি আরবের সার্বিক হজ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবার প্রশংসা করেছেন। বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী অনেক হাজি এ ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যৎ হজযাত্রীদের সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

এদিকে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টারগুলোও সক্রিয় ভূমিকা পালন করছে। শনিবার পর্যন্ত মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শারীরিক জটিলতায় সৌদি আরবের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অধিকাংশই বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ