মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান

মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আওয়ার ইসলাম ডেস্ক

মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে সংশোধনের চেষ্টা করা হলেও বিতর্কিত মতাদর্শের প্রচার বন্ধ হয়নি; বরং আলেমদের চ্যালেঞ্জ করা ও তাদের অবমাননার পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি। এ অবস্থায় আলেম-উলামা ও মাদরাসার দায়িত্বশীলদের এসব চিন্তাধারা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, তার সাম্প্রতিক বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং মাওলানা সাদের বিতর্কিত মতাদর্শের বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) দাওরায়ে হাদিসের বুখারি শরিফের দরসে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার পর এক জরুরি বার্তায় নিজের অবস্থান ও বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন মুফতি আবুল কাসেম নোমানী।

জরুরি বার্তায় মুফতি নোমানী বলেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ৫০ জনের বেশি সদস্য নিয়ে একটি জামাত দারুল উলুম দেওবন্দে এসেছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ওই চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।

তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।

মুফতি নোমানীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদের যেসব চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারও কঠোরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ব্যাপারেও বাইআত নেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

মাওলানা সাদের কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাকে সুন্নতবিরোধী বলে প্রচার করাও আপত্তিকর।

তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে জেদ ও অনড় মনোভাব বাড়ছে। তাবলিগ জামাতের প্রচলিত ও প্রতিষ্ঠিত মূলনীতির পরিপন্থী হয়ে নিজেদের ইচ্ছামতো ফতোয়া দেওয়া হচ্ছে।

এ অবস্থায় দ্বীনের হেফাজতের স্বার্থে প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে মাদরাসার মুহতামিম, শিক্ষক ও দায়িত্বশীলদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

মুফতি নোমানী স্পষ্ট করে বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল। কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং মাওলানা সাদের বিতর্কিত চিন্তাধারা ও সেগুলোর প্রচারের বিরুদ্ধে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয়। বিশেষ করে তার বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরও জানান, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে মাওলানা সাদ সম্পর্কে সিদ্ধান্ত নেয়নি। বরং তার পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে।

বার্তার শেষাংশে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ