সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোকে নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ নোটিশটি পাঠিয়েছেন।

দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থ প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে।

নোটিশে ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্ত ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়াও ওই ঘটনায় ক্ষতিপূরণের ১০ কোটি টাকা নিহত আবরার রাহাতের পরিবারকে হস্তান্তর করতে বলা হয়েছে।

তবে ক্ষতিপূরণ না দিলে প্রয়োজনীয় আইন পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার।

নাইমুল আবরার রাহাত মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ