মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষার কোনো সুযোগ নেই: আমিরে মজলিস হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ৭১ সদস্যের কমিটি গঠন সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’

জুলাই সনদ উপেক্ষার কোনো সুযোগ নেই: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এত রক্ত, প্রাণহানি ও আত্মত্যাগ শুধু সংবিধানের সামান্য সংশোধনের জন্য হয়নি; বরং ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ এবং রাষ্ট্রকাঠামোতে মৌলিক পরিবর্তন আনার জন্য মানুষ জীবন দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসকের আবির্ভাব ঘটতে না পারে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সংসদ নির্বাচনে যেখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে, সেখানে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন। জনগণের এই রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির ফলাফল মেনে নিয়ে অন্যটির ফলাফলকে অবৈধ বলার সুযোগ নেই। গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার এক বিষয় নয়। সংশোধন একটি নিয়মিত সংসদীয় প্রক্রিয়া, যা পরবর্তী সময়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে পরিবর্তন বা বাতিল করা সম্ভব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন মৌলিক ও টেকসই সাংবিধানিক সংস্কার।

বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তবে সরকার যদি জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করে, তাহলে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের নীরব থাকার সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান, তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না। বিএনপির নেতাকর্মীদেরও তাদের নেতৃত্বকে স্বৈরাচারী প্রবণতা থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে হবে।

দেশের চলমান সংকট তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো সমস্যাগুলো রাষ্ট্রকাঠামোর দুর্বলতার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীকেন্দ্রিক একচ্ছত্র ক্ষমতাব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অতীতের সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ অতীতের সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে মামুনুল হক বলেন, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা আন্দোলন করেছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শকে রাষ্ট্র ও সমাজজীবনে ধারণ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ-এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মুফতী সিদ্দিকুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।

সমাবেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সিগঞ্জ জেলার সব সড়ক দ্রুত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ