সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ

সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক 

শীতের আগমনে মাদ্রাসার শিক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কার্পেট বা প্রয়োজনীয় সামগ্রী কেনার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে আর্থিক সংকটে থাকা মাদ্রাসাগুলোর জন্য এ ধরনের ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এদিকে ব্যাংকে জমা অর্থের বিপরীতে অনিচ্ছাকৃতভাবে সুদের টাকা চলে এলে তা কীভাবে ব্যয় করা হবে, এ নিয়েও অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। কেউ কেউ মনে করেন, মাদ্রাসার মতো দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনে সুদের টাকা ব্যয় করলে হয়তো তা বৈধ হবে।

কিন্তু ইসলামী শরিয়তে সুদের অর্থের বিধান কী? মাদ্রাসার সাধারণ ব্যবহারের জন্য কার্পেট কেনা কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক কাজে এ অর্থ ব্যয় করা যাবে কি? দরিদ্র শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে সুদের অর্থ দেওয়া হলে তার বিধান কী? এসব বিষয়ে শরিয়তের নির্দেশনা জানা জরুরি।

সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনার বিধান

ব্যাংক থেকে প্রাপ্ত সুদের অর্থ শরিয়তের দৃষ্টিতে অপবিত্র ও অবৈধ সম্পদ। এ ধরনের অর্থ নিজের উপকারে ব্যবহার করা জায়েজ নয়। কোনোভাবে ব্যাংক অ্যাকাউন্টে সুদের টাকা জমা হলে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। তবে ব্যাংকের ক্ষেত্রে নির্দিষ্ট সুদদাতা চিহ্নিত করা সম্ভব না হওয়ায় এ অর্থ সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকিনদের দিয়ে দিতে হবে।

সুতরাং মাদ্রাসার আর্থিক সংকট থাকা, শীতকালে শিক্ষার্থীদের জন্য কার্পেটের প্রয়োজন হওয়া কিংবা অন্য কোনো জরুরি সামগ্রীর প্রয়োজন থাকা সত্ত্বেও ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে মাদ্রাসার সাধারণ ব্যবহারের জন্য কার্পেট কেনা জায়েজ হবে না। একইভাবে সওয়াবের নিয়ত না থাকলেও এ অর্থ মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় করা বৈধ হবে না।

তবে সুদের অর্থ কোনো গরিব-মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেওয়া যাবে। গরিব বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যিনি সাহেবে নিসাব নন। শরিয়তের বিধান অনুযায়ী জাকাত গ্রহণের উপযুক্ত।

এ ক্ষেত্রে মাদ্রাসার কোনো দরিদ্র ও জাকাত গ্রহণের উপযুক্ত শিক্ষার্থীকে সুদের অর্থ তার ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেওয়া জায়েজ হবে। তবে শিক্ষার্থীকে অর্থ দেওয়ার পর তা প্রতিষ্ঠানের কোনো প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় করার জন্য দেওয়া যাবে না। অর্থাৎ শিক্ষার্থী অর্থের মালিক হবে এবং নিজের প্রয়োজন অনুযায়ী তা ব্যয় করতে পারবে।

শরিয়তের দলিল ও ফিকহি ব্যাখ্যা

১. সুদের অর্থ প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া এবং মালিককে শনাক্ত করা সম্ভব না হলে দান করে দেওয়া

ইমাম ইবনে আবেদীন রহ. তাঁর বিখ্যাত ফিকহি গ্রন্থ রদ্দুল মুহতার-এ উল্লেখ করেছেন, 

‘সম্পদের মালিকদের চেনা গেলে তা তাদের ফিরিয়ে দেওয়া আবশ্যক। আর যদি তাদের চেনা না যায়, তবে হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার জন্য তা দান করে দিতে হবে।’ (রদ্দুল মুহতার, কিতাবুল বুয়ু, বাবুল বাইয়িল ফাসিদ, খণ্ড ৫, পৃষ্ঠা ৯৯) 

২. অবৈধ উপার্জনের অর্থ ফেরত দেওয়া সম্ভব না হলে গরিবদের দিয়ে দেওয়া

রদ্দুল মুহতার-এর অন্য একটি স্থানে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির সম্পদ অবৈধ উপার্জন, জুলুম কিংবা ঘুষের মাধ্যমে অর্জিত হলে উত্তরাধিকারীদের উচিত তা থেকে বিরত থাকা। প্রকৃত মালিককে চেনা গেলে তার কাছে ফিরিয়ে দিতে হবে। আর মালিককে চেনা না গেলে তা দান করে দিতে হবে।
(রদ্দুল মুহতার, কিতাবুল হজর ওয়াল ইবাহা, বাবুল ইস্তিবরা ওয়া গাইরিহি, ফাসল ফিল বাইয়ি, খণ্ড ৯, পৃষ্ঠা ৫৫৩) 

৩. হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার পদ্ধতি

হজরত মাওলানা মুহাম্মদ ইউসুফ বিন্নুরি রহ. মাআরিফুস সুনান-এ উল্লেখ করেছেন, ফিকহের বিভিন্ন গ্রন্থ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি অবৈধ সম্পদের মালিক হলে এবং তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে সেই সম্পদ গরিবদের দান করে দিতে হবে। এ ধরনের অর্থ দান করার সময় সওয়াবের আশা না করে নিজের দায়মুক্তির নিয়ত করা উচিত। (মাআরিফুস সুনান, কিতাবুত তাহারাত, ‘লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর’ অধ্যায়, খণ্ড ১, পৃষ্ঠা ৩৪) 

আল্লাহ তাআলা আমাদের হালাল উপার্জন ও পবিত্র সম্পদের মাধ্যমে দ্বীনি খেদমত করার তাওফিক দান করুন। আমিন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ