নিজস্ব প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে সই না করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামার পরামর্শ নিয়ে শরিয়াহসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ অন্য নেতৃবৃন্দ।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ইসলামি শরিয়তে হেবা সম্পন্ন হওয়ার পর দাতার জীবনস্বত্ব সংরক্ষণের সুযোগ নেই। তাই সামাজিকতা, মানবিকতা বা অন্য কোনো অজুহাতে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধানের পরিপন্থী কোনো প্রস্তাবনা বা সংশোধনী গ্রহণ করা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও শরিয়াহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তারা বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শরিয়াহর বিধান যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। কোনো আইন বা সংশোধনী নিয়ে আলেম-উলামার পক্ষ থেকে শরিয়াহসংক্রান্ত আপত্তি উত্থাপিত হলে তা উপেক্ষা করা উচিত নয়। বরং দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের দায়িত্ব।
জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বা আইনের সংশোধনী মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই সংশ্লিষ্ট আলেম-উলামার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে।
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলটি পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি করতে রাষ্ট্রপতি যেন এতে স্বাক্ষর না করেন। একই সঙ্গে দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে শরিয়াহসম্মত সমাধানের পথ অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
আইও/