রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘সরকারের ছয় মাসে জনদুর্ভোগ চরমে, গ্যাস-বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মানুষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের ছয় মাসে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণের ঘটনাও মারাত্মক আকার ধারণ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার বাঙ্গরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার চাপিতলার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঙ্গরা উপজেলা শাখার সভাপতি মুফতি দেলাওয়ার আমিন। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার পবিত্র কুরআনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে গিয়ে ‘হেবা আইন ২০২৬’ পাস করেছে। বিদেশি প্রভুদের খুশি করতে এ আইন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘এই আইন ৯২ শতাংশ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। এ আইন বাতিল করতেই হবে। আইনমন্ত্রী বলছেন, এ আইন বাতিলের সুযোগ নেই। আর আমরাও বলছি, এই আইন বাতিল করতেই হবে। অন্যথায় সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠবে, যার পরিণতি হবে সরকারের পদত্যাগ। কাজেই সাধু সাবধান, সময় থাকতে হুঁশিয়ার।’

দলের নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ইসলামের আদর্শের আলোকে যুগের চাহিদা অনুযায়ী নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের অনুপম চরিত্রের অধিকারী হতে হবে। লেনদেন, মুয়ামালাত ও মুয়াশারাত তথা পারস্পরিক আচরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।তিনি বলেন, সকালে এক রকম আর বিকেলে অন্য রকম—এ ধরনের দ্বিমুখী আচরণ পরিহার করতে হবে। অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখলে মিথ্যা ও পরশ্রীকাতরতা দায়িত্বশীলদের গ্রাস করতে পারবে না।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম আরও বলেন, আগামী দিনে ইসলামের আলোকে বাংলাদেশকে একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাঙ্গরা উপজেলা ইসলামী আন্দোলনের ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে দলের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আবু সালেহ, হাফেজ সাব্বির আহমদ শাহীন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন—সভাপতি মুফতি দেলাওয়ার আমিন, সহসভাপতি মাস্টার আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম জিয়াদ, সেক্রেটারি হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ, যুগ্ম সেক্রেটারি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাফায়েত হোসাইন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাস্টার মকবুল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল্লাহ সাদী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ এমদাদুল হক, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুকুল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক রুহুল আমিন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—ডা. শাকিল আহমদ, আরিফুল ইসলাম ও মো. রমজান হোসেন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— সৈয়দ আবু সালেহ, হাফেজ সাব্বির আহমদ শাহীন মোল্লা, মুফতি মানসুরুল হক, মাওলানা আব্দুল্লাহ (কুয়েতপ্রবাসী), মাওলানা আবু মুছা, ডা. বাহারুল ইসলাম, মো. মনির হোসেন মেম্বার ও আলহাজ্ব সাদেকুর রহমান (অবসরপ্রাপ্ত দারোগা)।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ