রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮


কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আহত আবুল কাসেম (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) ঘটনার একদিন পর সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কাসেম হ্নীলা ইউনিয়নের হামজারছড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘লেডু মিস্ত্রি’ নামে পরিচিত ছিলেন। অভিযুক্ত ছেলের নাম মো. হারুনকে।

ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে আবুল কাসেমের সঙ্গে ছেলে হারুনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হারুন ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বাবার ওপর হামলা চালান। এ সময় তার বুক ও পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত আবুল কাসেমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ‘পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধ হয়েছিল। বিষয়টি যে এতটা ভয়াবহ পর্যায়ে যাবে, তা কেউ ভাবতে পারেনি। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।’

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ