আন্তর্জাতিক ডেস্ক
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব মুসলিম লীগের (রাবেতা আলমে ইসলামি) মহাসচিব ও মুসলিম উলামা পরিষদের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।
একটি জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল পরিবেশে রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে সোমালিয়ার ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। একই সময়ে ‘সোমালিয়া বিশ্ব মুসলিম বিশ্বের হৃদয়ে’ শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
বৈঠকে অংশ নেওয়া আলেমরা এ আয়োজনের প্রশংসা করেন। আলোচনায় সোমালিয়ার জনগণের সঠিক শরিয়াহভিত্তিক চিন্তা ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ‘চরমপন্থা’র ধারণা মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব চিন্তার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলেমরা বিশ্ব মুসলিম লীগের মহাসচিবের বক্তব্যেরও প্রশংসা করেন। তার বক্তব্যে চরমপন্থা মোকাবিলায় শরিয়াহ ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে সুসংগঠিত আলোচনা এবং জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল উদ্যোগের মাধ্যমে এ বিষয়ে কাজ করার গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।
বৈঠক শেষে বিশ্ব মুসলিম লীগ ও সোমালিয়ার আলেমদের মধ্যে বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা আরও জোরদার করতে একটি যৌথ প্রকল্প গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়। এ প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হবে। প্রকল্পটির বিস্তারিত কার্যক্রম নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। সূত্র: রাবেতার ফেসবুক পেইজ
এসএইচ/