ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি। অবিলম্বে ওই মন্ত্রীর বাংলাদেশবিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, ভারতীয় হাইকমিশনারকে তলব করে মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম। সঞ্চালনা করেন জোনের সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। এ সময় তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
পরে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।
এসএইচ/