বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর কবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী শনিবার থেকে দেশের সব কারখানা চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের চলমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে মালিক-শ্রমিকের মধ্যে সমঝোতার ভিত্তিতে শিল্পকারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, যত দিন পৃথিবী থাকবে, তত দিন সমস্যা থাকবে। আজ যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামীকালই শেষ হয়ে যাবে—এমন নয়। তাই হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও তাদের কথা শোনার দায়িত্ব আছে। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হওয়ায় শ্রমিক নেতা এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছার প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করলেও মালিকপক্ষ এর বিরোধিতা করেনি। বরং কীভাবে বিষয়টি সুন্দর ও সুশীল পরিবেশে সমাধান করা যায়, তারা সে চেষ্টা করেছে।

বিভিন্ন সময়ে কিছু ইস্যু তৈরি হওয়া এবং নেতৃত্বের ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এগুলো গণতান্ত্রিক চর্চার অংশ। অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত রাত ১টা-২টা পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। এ জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একই সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদেরও ধন্যবাদ জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, গভীর রাত পর্যন্ত যখনই সহযোগিতা চাওয়া হয়েছে, তারা সাড়া দিয়েছেন।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি বক্তব্য দিয়েছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়নি। এটি গণতান্ত্রিক সরকারের একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ কারণেই শ্রমিক ও মালিকপক্ষ একটি নিরপেক্ষ অবস্থানে পৌঁছাতে পেরেছে।

মন্ত্রী আরও বলেন, মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে সিদ্ধান্তের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে কীভাবে একটি সুন্দর সমাধানে পৌঁছানো যায়, সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সেই সমাধান হয়েছে।

শ্রমিকদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের শিল্পকে বিশ্বদরবারে আরও প্রতিষ্ঠিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্রের কারণে যেন শিল্পকারখানা বন্ধ না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বরং শিল্পের উৎপাদন ও অগ্রগতি বাড়াতে হবে।

নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে শ্রমমন্ত্রী বলেন, তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, সেটি শ্রমিক অধ্যুষিত। ওই এলাকার প্রায় ৬০ শতাংশ মানুষ শ্রমিক। শ্রমিকরাই বাংলাদেশের শক্তি উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা উৎপাদন বাড়াতে পারলে এবং মালিকরা আয় করতে পারলে বেতন বাড়ানো কঠিন হবে না। তবে এ জন্য শিল্পকে সেই সক্ষমতায় পৌঁছাতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমগুলো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং বাস্তব চিত্র তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ