বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা যুব আন্দোলনের কেন্দ্রীয় বৈঠক, সংগঠন শক্তিশালী করতে দিকনির্দেশনা আজ ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলনের সমাপনী, আসছেন দেওবন্দের মুহতামিম শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান

ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে ইসলামিক ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং গাইডলাইন তৈরির উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। গ্রাহকদের আস্থা সুসংহত করা এবং শরিয়াহভিত্তিক আর্থিক খাতের জন্য শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি ইসলামিকের সহযোগিতায় আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপ যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

‘আস্থা, সংস্কার ও প্রবৃদ্ধি: বাংলাদেশে শরিয়াহসম্মত অর্থায়নের সম্প্রসারণ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ইসলামিক ব্যাংকিং, তাকাফুল ও শরিয়াহভিত্তিক অর্থায়ন খাতের প্রায় ৪০০ বিশেষজ্ঞ অংশ নেন। এতে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, দুবাই ও উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্ধারক, ইসলামিক ব্যাংকিং নির্বাহী, শরিয়াহ বিশেষজ্ঞ, তাকাফুল প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সম্পদ ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. কবির আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতে গ্রাহকদের আস্থা বাড়ানো এবং শক্তিশালী নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও নিয়ন্ত্রক মানদণ্ড অনুসরণ করে কাজ করছে।

তিনি জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকে পৃথক ‘ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট’ (আই-বিআরপিডি) প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া বিনিয়োগ আকর্ষণ ও দেশের ইসলামিক আর্থিক বাজারের উন্নয়নে সুকুক পণ্যের বিকাশ ও বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেন, দেশের পুঁজিবাজারে ইসলামিক আর্থিক পণ্য ও সুকুকের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যথাযথ নীতিমালা প্রণয়ন এবং শরিয়াহ পরিপালন নিশ্চিত করা গেলে ইসলামিক পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।

সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান বলেন, ইসলামিক ব্যাংকিং খাতের সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে যথাযথ তদারকি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ অপরিহার্য। এ ধরনের সম্মেলন নীতিগত সংস্কারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা দেবে।

আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, এ সম্মেলন দেশের ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা গেলে বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ও তাকাফুল খাত বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল চলমান কাঠামোগত সংস্কারে সহায়তা, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে দেশের ইসলামিক আর্থিক খাতের কার্যক্রমের সামঞ্জস্য প্রতিষ্ঠা করা।

আয়োজনে লিড পার্টনার ছিল সিটি ইসলামিক এবং কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত ছিল নারিশ। এ ছাড়া বৈশ্বিক মান নির্ধারণী সংস্থা এএওআইএফআই, সিআইইএস ও সিএসবিআইবি কৌশলগত সহযোগী হিসেবে অংশ নেয়। দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠান এবং ডোনা মিডিয়া জনসংযোগ সহযোগী হিসেবে সম্মেলন আয়োজনে ভূমিকা রাখে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ