ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, এটি হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে দাবি তার মুখপাত্র করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিদের দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে করা প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সেই বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কথা বলতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই দলের নেতাকর্মীরা যে খুনি, তা তারা প্রকারান্তরে বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন।
দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো যাবে।
আইও/