বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ জন যাত্রীর লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

জানা গেছে, আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। বিমানবন্দরে লাগেজ গ্রহণের সময় অনেক যাত্রী দেখতে পান তাদের ব্যাগ কাটা এবং ভেতরের কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে।

তার ভাষ্যমতে, প্রায় ১৫০ জন হজযাত্রী এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। হজ শেষে পরিবার-পরিজন ও স্বজনদের জন্য আনা উপহারসামগ্রী এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, কয়েকজন হজযাত্রী মৌখিকভাবে অভিযোগের কথা জানিয়েছেন। তবে তাদের সংশ্লিষ্ট ডেস্কে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও কেউ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেননি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগটি তাদের নজরে এসেছে। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিমান ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সদস্যরা ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করছেন।

অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আর বিমানবন্দর কর্তৃপক্ষ মূলত বেল্ট সার্ভিস প্রদান করে থাকে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ