মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭


‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করেছেন।

মঙ্গলবার (২ জুন) নাটোর জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, দীর্ঘদিন ধরে দেশের আলেম-ওলামা ও ইমাম সমাজ নানা ধরনের অবহেলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ইসলামবিরোধী শক্তি যাতে ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি ধর্মীয় নেতাদের বিভেদ ও মতপার্থক্য পরিহার করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নাটোর জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে বর্তমানে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। পর্যায়ক্রমে এই ভাতার আওতা শতভাগে উন্নীত করা হবে। এ উদ্যোগের ফলে ইমামদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. শরীফুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, চলতি অর্থবছরে নাটোর জেলার ৫০ জন ইমাম রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কৃষিকাজ, গাভী পালন, সামাজিক বনায়ন, মৎস্যচাষসহ বিভিন্ন আয়বর্ধক বিষয়ে দেড় মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এসব প্রশিক্ষণ ইমামদের দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ