পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং স্থানীয়দের সম্পৃক্ত করে পাচার প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে থাকে। এ কারণে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন, অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। তাদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই চামড়া পাচার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
এমএম/