হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শারীরিকভাবে চমৎকার অবস্থায় রয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রেসিডেন্টের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা এ তথ্য জানিয়েছেন।
রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক বলেন, ট্রাম্পের হৃদ্যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা শক্তিশালী ও স্বাভাবিক রয়েছে।
গত মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, পরীক্ষার সব ফলাফলই ছিল একদম নিখুঁত।
চিকিৎসকের প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাওয়া ট্রাম্পের বর্তমান ওজন ২৩৮ পাউন্ড। তার রক্তচাপ ১০৫/৭১ এবং বিশ্রামকালীন হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭৩ বার। কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিনি অ্যাসপিরিন, রোসুভাস্টাটিন ও এজেটিমাইব গ্রহণ করছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছরের নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ট্রাম্পের ডান কানে যে ক্ষতচিহ্ন রয়েছে, তা এখনো দৃশ্যমান। এছাড়া ঘন ঘন করমর্দন এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে তার হাতে সামান্য নরম টিস্যুর জ্বালাভাব রয়েছে।
চিকিৎসক আরও জানান, ট্রাম্পের পায়ে আগে যে সামান্য ফোলাভাব ছিল, তা আগের তুলনায় কমেছে। এই সমস্যাটি দীর্ঘমেয়াদি শিরাজনিত রক্তসঞ্চালন জটিলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়।
মানসিক সক্ষমতার মূল্যায়নে ব্যবহৃত মন্ট্রিয়ল কগনিটিভ অ্যাসেসমেন্ট (এমওসিএ) পরীক্ষায় ট্রাম্প ৩০-এর মধ্যে ৩০ নম্বর পেয়েছেন। এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি তার চতুর্থ কগনিটিভ পরীক্ষা এবং প্রতিবারই তিনি পূর্ণ নম্বর অর্জন করেছেন।
চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্পের কার্ডিয়াক বয়স তার প্রকৃত বয়সের তুলনায় প্রায় ১৪ বছর কম, যা তার হৃদ্যন্ত্রের সুস্থতার একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এমএম/